পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল বা শুল্ক আদায়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরান। ইরানের আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছেন, এই পরিকল্পনায় নির্দিষ্ট রুটে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি পেশাদার কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনাটি মূলত বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতাকারী পক্ষগুলোর জন্য সুবিধা দেবে, যারা বিশেষায়িত সেবার বিনিময়ে এই ফি প্রদান করবে।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, কোনো শত্রু দেশের সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না। পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ জানিয়েছেন, এই সমুদ্রপথের আইনি কাঠামো তেহরানের নিজস্ব শর্ত, আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী দেশগুলোর অধিকার বিবেচনায় তৈরি করা হয়েছে। এর আগে আইআরজিসি হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ অঞ্চল ও ইরানের উপকূলের কাছাকাছি একটি নিরাপদ রুট প্রকাশ করেছিল।
এই পরিকল্পনা ইরানের জন্য হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।