অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৯৩ সালের ওসলো চুক্তির পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ বেসামরিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণাধীন এলাকায় এটি হবে প্রথম স্থায়ী সামরিক স্থাপনা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে নতুন ঘাঁটির উদ্দেশ্য হলো জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দাদের বাড়িঘর থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি করা। ঘাঁটিটি শরণার্থী শিবিরের কাছেই নির্মিত হবে, যেখানে ২০২৫ সালের শুরু থেকে ইসরাইলি বাহিনী একাধিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘাঁটিটি ইসরাইলের অভিযানকে সহায়তা করতে এবং নিকটবর্তী ইসরাইলি বসতিগুলোকে রক্ষা করার জন্যও ব্যবহৃত হতে পারে।