জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসনের সর্বস্তরে তাঁর ভাষায় নিলজ্জ দলীয়করণ অব্যাহত রেখে কখনো ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না। সোমবার বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করাই জাস্টিস। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার মানে সমাজের সব স্তরের বৈষম্য দূর করে নাগরিকদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। তাঁর মতে, বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে সরকার পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনছে। তিনি মহানবী (সা.)-এর আদর্শে সমাজ গড়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় এনডিএফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এনডিএফের চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা দিয়েছেন। ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যাও অনুষ্ঠিত হয়।