গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আরবেলা ফ্যাশন লিমিটেড কারখানার সামনে শুক্রবার দুপুরে বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও শ্রমিক পরিবহনের বাসে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি শ্রমিকবাহী বাস ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং কারখানার সামনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আহতরা বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মী বলে জানা গেছে এবং তাদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কৃষক দলের নেতা মাসুম আহমেদ অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম তার কাছে এক লাখ টাকা ও মাসিক পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। তবে শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষক দলের পক্ষ থেকেই তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।