পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও বিশ্বজয়ী কোরআনে হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তার হাতে একটি ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া জাকারিয়ার পরিবারের সদস্য, স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ বলেন, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় জাকারিয়ার সাফল্য তার পরিবার, বাউফল ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। তিনি বলেন, ১৩৩ দেশের প্রতিযোগীদের মধ্যে এই অর্জন প্রমাণ করে যে সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তিনি মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও উৎসাহ দিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের কথাও বলেন।