গাজা থেকে মিশরে রোগী স্থানান্তর স্থগিত করেছে ইসরাইল। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র রায়েদ আল-নিমস আল জাজিরাকে জানান, ইসরাইল হঠাৎ রাফাহ সীমান্ত বন্ধের ঘোষণা দেয়, ফলে অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। প্রায় ১৮ মাস পর ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সীমান্তটি খুলেছিল ইসরাইল, তবে প্রথম দিন মাত্র পাঁচজন গুরুতর অসুস্থ রোগীকে মিশরে যেতে দেওয়া হয়।
ইসরাইলি কর্মকর্তারা প্রতিদিন ৫০ জন ফিলিস্তিনিকে সীমান্ত পার হওয়ার অনুমতির কথা বললেও সোমবার পাঁচজন এবং মঙ্গলবার মাত্র ১৬ জনকে যেতে দেওয়া হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজারেরও বেশি রোগী চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন, যার মধ্যে প্রায় ৪৪০ জনের অবস্থা সংকটজনক। কেন কিছু ফিলিস্তিনিকে সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের হামলায় অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন, ফলে যুদ্ধবিরতির সময় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে এবং আহত ১,৫০০ জনে।