মিডল ইস্ট আই অবলম্বনে প্রকাশিত এক নিবন্ধে অভিযোগ করা হয়েছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে ইসরাইলবিরোধী বিশ্বজনমত বাড়ার মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইউরোপ ও দক্ষিণ আমেরিকাসহ বিভিন্ন দেশে নির্বাচন প্রভাবিত করে ইসরাইলপন্থি সরকার ক্ষমতায় আনার তৎপরতা জোরদার করছে। লেখক অ্যান্টনি লোয়েস্টাইন ইসরাইলি অস্ত্র ও নজরদারি প্রযুক্তি খাতের সঙ্গে রাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন।
নিবন্ধে বলা হয়, এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যার কূটনীতির মাধ্যমে বিভিন্ন সরকারের কাছে নজরদারি প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট এবং আরও দুটি গণমাধ্যমের অনুসন্ধানের বরাতে বলা হয়েছে, এনএসওর সহপ্রতিষ্ঠাতা শালেভ হুলিও পানামায় পেগাসাস বিক্রির ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন এবং ২০১৩ সালে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে সেখানে যান।
লেখাটিতে স্কটল্যান্ড, ফ্রান্স, কলম্বিয়া ও হন্ডুরাসে ইসরাইলি কোম্পানিগুলোর বিরুদ্ধে বট ফার্ম, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবিত করার অভিযোগ তোলা হয়েছে। এতে ল্যাটিন আমেরিকায় বামপন্থি ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবন্ধুসুলভ’ সরকারকে দুর্বল করার কথাও বলা হয়। ব্রাজিলের নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে সম্ভাব্য ইসরাইলি সহায়তার আশঙ্কা প্রকাশ করা হলেও সেটি নিবন্ধকারের অনুমান হিসেবে উপস্থাপিত হয়েছে।