সারাদেশে ডাক বিভাগের প্রায় ৭ হাজার শূন্য পদ রয়েছে এবং চলতি বছরে ২ হাজার জন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। অবশিষ্ট ৫ হাজার পদ পর্যায়ক্রমে পূরণ করা হবে। বিশ্ব ডাক দিবস-২০২৬ উপলক্ষে রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী ডাকসেবাকে আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো ও কার্যকর গ্রাহকসেবার সঙ্গে যুক্ত করে সমন্বিত, স্মার্ট ও জনবান্ধব লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। বিস্তৃত নেটওয়ার্ক ও জনগণের দীর্ঘদিনের আস্থাকে কাজে লাগিয়ে দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং বহুমুখী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বিভাগের লক্ষ্য বলে তিনি জানান।
আগামী ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হবে। ইউপিইউ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘সম্মিলিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা’। ই-কমার্স, পার্সেল, লজিস্টিকস ও ডিজিটাল ট্র্যাকিং সেবা সম্প্রসারণের কথা জানানো হয়েছে। নগদের গ্রাহক প্রায় ৯ কোটি। ২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন হয়েছে। আন্তর্জাতিক পার্সেল পরিবহন প্রথম তিন মাসে ২৪০ টন থেকে বেড়ে ৩১৬ টনে দাঁড়িয়েছে।