সোমবার ৯ নভেম্বর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফার্মগেট, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাস এবং মিরপুর ১১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, উল্লিখিত ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টার সময় চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ। সিএমএম আদালত এলাকা ও তুরাগের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে, আর তিতুমীর কলেজের সামনে বিস্ফোরণের পর শিক্ষার্থীরা একজনকে আটক করেন। তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রাত ১১টা ৪২ মিনিটের দিকে বুয়েটের আহসানউল্লাহ হলে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এক শিক্ষার্থী জানান, তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল; একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে। বিস্ফোরণে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ককটেলের গুঁড়া ছড়িয়ে পড়ে এবং হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।