প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান বলেছেন, পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের আগের অপরাধের বিচার হতে কোনো আইনগত বাধা নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেখানে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতির বিচারের বিষয়ে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই। আদালত সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল বলেও তিনি জানান।
একই সংবাদ সম্মেলনে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গেও কথা বলেন জাহিদ উর রহমান। তিনি জানান, এ সফরের সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, তবে ভারতে অনুষ্ঠেয় এবারের ব্রিকস সম্মেলনে অংশ নিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে তিনি বলেন।