সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৭১টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটে যাত্রীর সংখ্যা ২৩ হাজার ৭৭ জন। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৯৪টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৮টি ফ্লাইট রয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট বাতিল হয়েছে। সূত্র জানায়, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের বিধিনিষেধে বেশ কয়েকটি ফ্লাইটের চলাচল বন্ধ রয়েছে।