যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি, চীনের সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকেরা ধারণা দিয়েছেন, প্রায় ৩৩ দশমিক ৩ বিলিয়ন বছর পর মহাবিশ্ব ধ্বংসের পথে যেতে পারে। গবেষণাটিতে বলা হয়েছে, মহাবিশ্বের সম্প্রসারণ একসময় থেমে গিয়ে সংকোচন শুরু হতে পারে এবং সবকিছু একটি একক বিন্দুর দিকে ধাবিত হতে পারে।
এই প্রক্রিয়াকে বিগ ক্রাঞ্চ বলা হয়, যা বিজ্ঞানীদের ধারণায় মহাবিশ্বের সৃষ্টি ও সম্প্রসারণ শুরু করা বিগ ব্যাংয়ের বিপরীত। বর্তমানে মহাবিশ্বের বয়স প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন বছর। গবেষকদের হিসাব অনুযায়ী, পৃথিবীসহ অন্যান্য গ্রহের অস্তিত্ব সংকটের মুখে পড়তে আরও প্রায় ২০ বিলিয়ন বছর সময় রয়েছে।
মডেলটিতে মহাবিশ্বকে প্রসারিত রাবার ব্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, যা একপর্যায়ে সম্প্রসারণের শক্তি হারিয়ে ভেতরের দিকে সংকুচিত হতে পারে। এর কেন্দ্রে আছে ডার্ক এনার্জি, যা বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রায় ৭০ শতাংশজুড়ে রয়েছে। মডেল অনুযায়ী, বর্তমান আকারের চেয়ে প্রায় ৬৯ শতাংশ বড় হওয়ার পর সম্প্রসারণ থামতে পারে। অন্য এক পূর্বাভাসে আগামী প্রায় ২০ বিলিয়ন বছরে সূর্য বিলীন ও মিল্কিওয়ের সঙ্গে অ্যান্ড্রোমিডার সংঘর্ষের কথা বলা হয়েছে।