জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিব স্টিফেন টুইগের বৈঠক হয়েছে। যুক্তরাজ্য পার্লামেন্টে ২০ নভেম্বর অনুষ্ঠিত এ বৈঠকের কথা রোববার জাতীয় সংসদ সচিবালয় জানায়। এতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অগ্রাধিকার।
তিনি বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন দেশের সংসদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ। উভয় পক্ষ যোগাযোগ বৃদ্ধি, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেয়। টুইগ সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করে।