সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় রোববার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যৌথ শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নেতারা বলেন, জীবিকার প্রয়োজনে বিদেশে যাওয়া কর্মীদের এমন করুণ মৃত্যু হৃদয়বিদারক এবং এটি পরিবারগুলোর পাশাপাশি জাতির জন্যও অপূরণীয় ক্ষতি। তাঁদের মতে, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও বিদেশে তাঁদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। শ্রমিকদের কেবল বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যম হিসেবে না দেখে তাঁদের জীবন ও নিরাপত্তার সমান মূল্য দিতে হবে বলেও তারা উল্লেখ করেন।
এবি পার্টি সরকারের কাছে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া এবং আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। বিদেশে কর্মস্থল, আবাসন ও অগ্নিনিরাপত্তা নিয়মিত তদারকিতে বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোর ভূমিকা জোরদারের কথাও বলেছে দলটি।