ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মন্দিরগামী সড়কে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছিননোর দিক থেকে মন্দিরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে চলে যায় এবং পথচারী ও দোকানের ওপর উঠে পড়ে। গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি অতিরিক্ত মালবোঝাই ছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মানুষ ও দোকানের ওপর উঠে যায়।
নবরাত্রি উপলক্ষে সড়কে ব্যারিকেড ও পুলিশের চেকপোস্ট থাকা সত্ত্বেও ট্রাকটি কীভাবে ওই এলাকায় প্রবেশ করল, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। ট্রাকটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা জানতে পরিবহন দপ্তরের একটি দলও কাজ করছে। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।