বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারকে অবিলম্বে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। ২৫ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা।
ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সেলিম উদ্দিন বলেন, জুলাই ভূলুণ্ঠিত হলে দেশ ও জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের পর দেশকে ফ্যাসিবাদমুক্ত করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি হয়েছিল। তবে রাজনৈতিক ব্যর্থতা, সদিচ্ছার অভাব ও ক্ষমতাসীনদের ক্ষমতালিপ্সার কারণে সেই অর্জন হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ উপেক্ষা করছে এবং সংবিধানের অপব্যাখ্যা করে সেটিকে পাশ কাটানোর চেষ্টা করছে। সনদকে প্রেসিডেন্টের আদেশ বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তিনি বলেন। নেতিবাচক রাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়ে তিনি সরকারের টালবাহানা বন্ধের দাবি করেন। অন্যথায় সরকারকে চড়ামূল্য দিতে হবে বলে সতর্ক করেন তিনি।