টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর ওপর অবস্থিত হাটুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল আদায় বন্ধ করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর হস্তক্ষেপে। শুক্রবার সকালে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বিষয়টি নিশ্চিত করেন। চলতি অর্থবছরের শুরুতে ১ জুলাই থেকে সরকারি নির্ধারিত তালিকা অনুযায়ী প্রতি মোটরসাইকেলে ৫ টাকা করে টোল আদায় শুরু হলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বিবেচনায় ইজারাদার মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদুর রহমান উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের সঙ্গে আলোচনার পর টোল আদায় বন্ধের সিদ্ধান্ত নেন। তিনি জানান, প্রতিদিন প্রায় ৫ হাজার টাকা এবং তিন বছরে আনুমানিক ৫৪ লাখ টাকা রাজস্ব ক্ষতি হলেও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান জানান, ভবিষ্যতে এ সেতুতে আর টোল ইজারা না দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মতামত পাঠানো হয়েছে।
সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, টোল পুরোপুরি বন্ধ করতে হলে আইন সংশোধন প্রয়োজন এবং তিনি বিষয়টি আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করবেন।