হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা নামে ৩৩ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার বিকেলে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া শুক্রবার রাতে এ তথ্য জানান।
ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে বিশেষ দলটি দুপুর দেড়টায় গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের TG321 ফ্লাইটে আসা জুলফিকারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়।
কাপড়ের নিচে লুকানো ২১টি পলি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এছাড়া একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়া সিমসহ একটি OPPO স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার রাজারহাট থানার বাসিন্দা জুলফিকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশে দুই থেকে তিন দিন থেকে ভারতে ফেরার পরিকল্পনার কথা জানান।