জেফরি এপস্টেইনকে ঘিরে ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে করা ৭ কোটি ২৫ লাখ ডলারের মামলার অন্যতম প্রধান বাদী হিসেবে পরিচিত ‘জেন ডো’র পরিচয় প্রথমবার প্রকাশ্যে এসেছে। তার নাম ৩৭ বছর বয়সি জুলিয়া মলচানোভা। এনডিটিভি ও ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রকাশিত প্রতিবেদনে তার ছবিও প্রকাশের কথা বলা হয়েছে।
মলচানোভা রাশিয়ার তরুণ ডিজাইন শিক্ষার্থী ছিলেন। ২০১১ সালে ২২ বছর বয়সে নিউইয়র্কের একটি রাস্তায় তার সঙ্গে এপস্টেইনের আকস্মিক পরিচয় হয় বলে তিনি দাবি করেন। তখন তিনি খুব সামান্য ইংরেজি জানতেন। এপস্টেইন তাকে নিউইয়র্কের ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।
মলচানোভার অভিযোগ, ওই প্রস্তাবের আড়ালে তার ওপর যৌন নির্যাতন শুরু হয়। তিনি বলেন, এপস্টেইন তার পোশাক, চুলের দৈর্ঘ্য, চিকিৎসক নির্বাচন, কার সঙ্গে সময় কাটাবেন এবং অর্থ ব্যয়ের বিষয় নিয়ন্ত্রণ করতেন। তার অজান্তে তার নামে একটি কোম্পানি খোলা হয়েছিল বলেও তিনি দাবি করেন; কোম্পানিটির মাধ্যমে এমন আর্থিক লেনদেন হয়, যা তিনি বুঝতেন না।