জামালপুরের সরিষাবাড়ীতে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা সার কারখানায় শুক্রবার সকাল ১০টায় আবার দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। কারখানাটির উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক রতন বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষকদের ইউরিয়া সার সরবরাহে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মকর্তারা জানান, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়েছে। কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পেলেও সীমিত পরিসরে উৎপাদন শুরু করা হয়েছে। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য গ্যাসের চাপ বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
গ্যাস সংকটে প্রায় আট মাস বন্ধ থাকার পর ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পেয়ে কারখানা কর্তৃপক্ষ স্টার্ট-আপ প্রস্তুতি শুরু করে। মঙ্গলবার রাতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হলেও ৪৩ ঘণ্টার মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় আবার বন্ধ হয়। পরে লিকেজ মেরামত করা হলেও গ্যাসের চাপ কম থাকায় সঙ্গে সঙ্গে সার উৎপাদন শুরু করা যায়নি। যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটে নিরবচ্ছিন্ন উৎপাদন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।