মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য এক চুক্তির চূড়ান্ত বিষয়গুলো অনুমোদন পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে অনুমোদিত হয়েছে, তাই তিনি হামলা স্থগিত করেছেন। তিনি বলেন, আলোচনা ও চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন পেয়েছে।
ট্রাম্প জানান, অনুমোদন দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসর। তিনি আরও বলেন, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে এবং চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে। এর আগেও ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, তবে তা বাস্তবায়িত হয়নি।
সূত্র জানায়, চলতি সপ্তাহের শুরুতে কাতারের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবিত চুক্তির সর্বশেষ খসড়া পাঠিয়েছে, যদিও উভয় দেশ সাম্প্রতিক দিনগুলোতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।