মালয়েশিয়া সরকার ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, জাকির নায়েকের প্রত্যর্পণ বিষয়ে নয়াদিল্লিকে কোনো প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দেওয়া হয়নি। সংসদের ওয়েবসাইটে প্রকাশিত লিখিত জবাবে তিনি এ অবস্থান জানান।
মন্ত্রী বলেন, ভারত সরকারের সঙ্গে ২০১০ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে মালয়েশিয়ার অধিকার এবং দেশটির ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধিবিধানের ভিত্তিতে সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।
ভারত প্রথম ২০১৮ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে হস্তান্তরের আবেদন করে। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক চিঠির মাধ্যমে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। পেরিকাতান ন্যাশনালের পেংক্যালান চেপা আসনের সংসদ সদস্য দাতুক ড. আহমদ মারজুক শ্যারির লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য দেন।