সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার পর দেশটিতে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে একাধিক দেশ। সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সর্বশেষ দেশ হিসেবে এ সতর্কতা জারি করে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপান একই ধরনের পরামর্শ দিয়েছিল।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলতে এবং অন্য সৌদি বিমানবন্দরে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে। নিউজিল্যান্ড রাজধানীর প্রধান বিমানবন্দর, নাজরান, জিজান ও আসির প্রদেশে না যেতে এবং দেশের অন্য এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলেছে।
রিয়াদে মার্কিন দূতাবাস ইরান ও ইরান-সমর্থিত হুথিদের হামলার আশঙ্কার কথা উল্লেখ করে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে। কানাডা পুরো সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলেছে। দক্ষিণ কোরিয়া জরুরি কাজ ছাড়া নাগরিকদের দেশত্যাগ ও পরিকল্পিত সফর বাতিলের সুপারিশ করেছে। যুক্তরাজ্য জরুরি প্রয়োজন ছাড়া জেদ্দা ও দাম্মামে না যেতে এবং মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া অন্য বিমানবন্দর এড়িয়ে চলতে বলেছে। এক সপ্তাহের কম সময়ে পাঁচটি বিমানবন্দর হামলা হয়েছে।