প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে—এটি হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ। শনিবার (৯ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে নতুন সংগ্রামে নামতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৫২ শতাংশ ভোটার বিএনপির ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এখন এই ম্যানিফেস্টোই সরকারের ও জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সরকার সুশাসন, মানসম্মত শিক্ষা এবং নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।