বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সময়ে স্বল্প বেতনে পোশাক শ্রমিকদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। বুধবার দলের অফিশিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত ভিডিও বার্তায় তিনি সরকারকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানান।
তিনি বলেন, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন। এ কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে এবং দুই-এক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার সন্তান পোশাক শ্রমিক তৌফিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তৈরি পোশাক খাতকে দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এতে বড় বিপর্যয় ঘটলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। অস্থিরতার সুযোগে তৃতীয় পক্ষ যাতে ফায়দা নিতে না পারে, সে জন্য সতর্ক থাকতে বলেন এবং শ্রমিকদের প্রতিষ্ঠান অক্ষত রাখা ও মালিকদের মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।