কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। জেলা প্রশাসনের গঠিত কমিটি রোববার ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে পুড়ে যাওয়া রিসোর্টের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে। সদস্যরা প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নিয়েছেন।
তদন্ত কমিটি আগুনের সূত্রপাত, রিসোর্ট পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে। কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, রিসোর্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ছিল না। তিনি জানান, প্রতিষ্ঠানটিকে আগে চূড়ান্ত নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা নেননি।
নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে, তবে কোন মরদেহ কার তা নিশ্চিত হয়নি। মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকি চারজনের মধ্যে দুজন নারী, একজন শিশু ও একজন পুরুষের পরিচয় নিশ্চিত হয়নি।