আইনমন্ত্রী আসাদুজ্জামান মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, বিগত সরকারের সময় দায়ের হওয়া হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির প্রমাণিত হলে প্রত্যাহার করা হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ধর্ষণ মামলা ছাড়া অন্য যেকোনো মামলা, হত্যা মামলা হলেও, স্ক্রিনিংয়ে রাজনৈতিক প্রকৃতির হিসেবে বিবেচিত হলে সরকার তা প্রত্যাহার করবে।
মন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনো মামলার গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। তাই যেসব রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা আছে, তাদের নির্ধারিত ফরমে প্রত্যাহারের আবেদন করতে বলা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের জেলা কমিটি আবেদন, এজাহার, প্রয়োজনে চার্জশিটের সত্যায়িত কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে সুপারিশ করে।
জেলা কমিটির সুপারিশ পরীক্ষা করে কার্যক্রম সমন্বয়ের জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার হয়েছে। বিএনপির জয়নুল আবদিন ফারুক দাবি করেন, তার বিরুদ্ধে ৮৬টি মামলা হয়েছিল, যার মধ্যে একই দিনে ৬৪ জেলায় ৬৪টি মামলা দায়ের করা হয়। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মামলা প্রত্যাহারের আবেদন করেননি; আদালতের মাধ্যমে তাদের মামলা নিষ্পত্তি হয়েছে।