সিএনএন জানিয়েছে, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের একের পর এক ভুল ও পরস্পরবিরোধী দাবি বাস্তবে টেকেনি। গত সাড়ে চার মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সহযোগীদের আত্মবিশ্বাসী পূর্বাভাসগুলো দ্রুত ভেঙে পড়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া, যুদ্ধের স্বল্পস্থায়িত্ব এবং ইরানের সঙ্গে চুক্তির আগ্রহ সম্পর্কিত দাবি।
ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে ও ২০ শতাংশ কার্গো ফি আদায় করবে, যা আগের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। উপদেষ্টাদের পরামর্শে তিনি পরে অবস্থান বদলান। চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে তাঁর পূর্বাভাসও ভুল প্রমাণিত হয়েছে। ইরানি নেতাদের সম্পর্কে ট্রাম্পের অবস্থানও পাল্টেছে—একসময় তাঁদের ‘যৌক্তিক’ বললেও পরে ‘পাগল’ ও ‘দুষ্টু’ বলে আখ্যা দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে প্রত্যাশিত গণঅভ্যুত্থান ঘটেনি, জ্বালানি তেলের দাম কমার বদলে বেড়েছে এবং ইরান পূর্বের সমঝোতা স্মারক বাতিল করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়িয়েছে। হরমুজ প্রণালির অচলাবস্থায় মার্কিন অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।