Web Analytics
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আনিছুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, পরে আনিছুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার আনিছুর রহমান শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রোববার ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে তিনটি বিস্ফোরণ ঘটে। প্রথমটি ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাড়ির সামনে, পরের দুটি গোপালচরণ উচ্চবিদ্যালয়ের সামনে ও বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় ঘটে।

রোববার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার এসআই মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হননি। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।