ইরানের সেনাবাহিনী বুধবার দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, আকাশসীমায় ড্রোনটির উপস্থিতি শনাক্ত হওয়ার পর সময়মতো ও দ্রুত পদক্ষেপ নিয়ে সেটি ধ্বংস করা হয়েছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর সেটিকে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ঘটনাটির সময় বা ড্রোনটি আকাশসীমায় কীভাবে প্রবেশ করেছিল, সে বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য দেওয়া হয়নি।
ড্রোনটি কোথা থেকে উড্ডয়ন করেছিল, কী ধরনের অভিযান পরিচালনা করছিল কিংবা সেটি ভূপাতিত করতে কোন প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে, তা জানায়নি ইরান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।