তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রাস্তা নির্মাণ ও খাল পুনঃখনন কর্মসূচি বিএনপির উন্নয়নমুখী কাজের উদাহরণ। তিনি আরও বলেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিচ্ছে। এ সময় তিনি বিভিন্ন ইউনিয়নে রাস্তা উন্নয়ন ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় বিএনপি কার্যালয় পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। স্থানীয়দের মিনি স্টেডিয়াম, হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের দাবিগুলো তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং বিবেচনার আশ্বাস দেন।