সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠান ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। দেশের চিংড়ি হ্যাচারি খাতে আধুনিক ভাঁজযোগ্য সৌর প্যানেল প্রযুক্তির এটি প্রথম ব্যবহার বলে জানানো হয়েছে। গত বুধবার কর্মকর্তা ও প্রকৌশলীদের হ্যাচারি পরিদর্শনের মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা হয়। সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও জেনিক্সগ্রিন বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, প্রকল্পটি নির্মাণে প্রায় ১ কোটি ২০ থেকে ২৫ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। এটি থেকে মাসে ৬০ থেকে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। হ্যাচারির নিজস্ব চাহিদা পূরণের পর প্রতি মাসে অতিরিক্ত ৪০ থেকে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক সাইমা সাজেদুল করিম বলেন, প্যানেল একপাশে সরিয়ে হ্যাচারির ট্যাংক সহজে শুকানো যাবে। শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ গ্রিড বিদ্যুৎ না থাকলেও নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজিজুর রহমান বলেন, অতিরিক্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে জাতীয় গ্রিডে বিক্রি করা যাবে।