বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বাঁশখালী সফরকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আগামী ৯ আগস্ট রোববার তাঁর বাঁশখালী সফরে আসার কথা রয়েছে। সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সম্ভাব্য সফরস্থল এবং যোগাযোগ ব্যবস্থার প্রস্তুতিও চলমান রয়েছে।
এ উপলক্ষে উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতে স্থাপিত হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মাসুদ আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তাঁদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরস্থল, নিরাপত্তা, যোগাযোগ এবং সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই প্রধানমন্ত্রী বাঁশখালী আসছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাঁশখালীর মানুষ অপেক্ষায় রয়েছে। সফর সফল ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্টরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।