২০২৬ সালের প্রথমার্ধে চীনের সঙ্গে জার্মানির বাণিজ্য ঘাটতি বেড়ে প্রায় ৫৫ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। জার্মানি ট্রেড অ্যান্ড ইনভেস্টের প্রাথমিক তথ্যের বরাতে রয়টার্স জানায়, জানুয়ারি থেকে জুনে চীনে জার্মান রপ্তানি ১২ শতাংশের বেশি কমে ৩৭ বিলিয়ন ইউরোর নিচে নেমেছে। চীন জার্মানির শীর্ষ বাণিজ্য অংশীদার হলেও জার্মান পণ্য রপ্তানির বাজার হিসেবে দেশটি এখন নবম স্থানে নেমেছে।
চীনা কোম্পানিগুলো ইউরোপীয় আমদানিনির্ভরতা কমিয়ে দেওয়ায় জার্মান রপ্তানি কমেছে। ২০২১ সালের দিকে চীন ছিল জার্মানির দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার এবং মহামারীর প্রভাবের মধ্যেও জার্মানি সেখানে ১০৪ বিলিয়ন ইউরোর পণ্য বিক্রি করেছিল। ২০২৬ সালে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মতো কয়েকটি ছোট অর্থনীতির দেশও চীনের চেয়ে বেশি জার্মান পণ্য কিনেছে।
একই সময়ে চীন থেকে জার্মানির আমদানি ৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৮ বিলিয়ন ইউরো হয়েছে। ফলে দ্বিপক্ষীয় মোট বাণিজ্য ১২৮ বিলিয়ন ইউরোর বেশি, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির বাণিজ্যের চেয়ে ৩ বিলিয়ন ইউরো বেশি। গত বছরের প্রথমার্ধে ঘাটতি ছিল ৪০ বিলিয়ন ইউরো। মার্কিন শুল্ক ও চীনা প্রতিযোগিতার চাপের মধ্যে জার্মানির উৎপাদন খাতও লড়াই করছে।