জাতিসংঘ সতর্ক করেছে যে হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহন দ্রুত স্বাভাবিক না হলে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ চরম অনাহার ও দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক ও সংকট মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের প্রধান হোর্হে মোরেরা দা সিলভা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বড় ধরনের মানবিক বিপর্যয় রোধে হাতে মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।
সিলভা জানান, বিশ্বের মোট সারের প্রায় এক-তৃতীয়াংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। চলমান অচলাবস্থার কারণে সার সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে।
জাতিসংঘ মনে করছে, এই গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটটি বন্ধ থাকলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পরিস্থিতি সামাল দিতে না পারলে এটি একটি বিশাল মানবিক সংকটে রূপ নিতে পারে।