অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের আবাসনের জন্য চলমান প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের মাসিক ভাতা কার্যক্রম অব্যাহত রাখা এবং ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে মোট ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, শহীদ পরিবার মাসিক ২০ হাজার টাকা এবং “এ”, “বি” ও “সি” ক্যাটাগরির আহতরা যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা ভাতা পাবেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি পেয়ে বীরশ্রেষ্ঠদের জন্য ৪০ হাজার, বীর উত্তমদের জন্য ৩০ হাজার এবং বীর বিক্রম ও বীর প্রতীকের জন্য ২৫ হাজার টাকা হবে। সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকাই থাকবে।
অর্থমন্ত্রী আরও জানান, ২০২৬–২৭ অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা যায়।