পরিস্থিতি স্বাভাবিক থাকলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকামুখী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট বুধবার থেকে পুনরায় শুরু হতে পারে। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম ধাপে ধাপে শুরু হওয়ার পর এই সম্ভাবনার কথা জানানো হয়।
১০ অক্টোবর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দিন ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। ১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এরপর পর্যায়ক্রমে ফ্লাইট ওঠানামা শুরু হয়। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, এসব স্থগিত বা বাতিল ফ্লাইটে ২২ হাজার ২৪১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। বিমান ২১ অক্টোবর দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছিল এবং পরদিন ৩৭৯ যাত্রী নিয়ে একটি ফ্লাইট ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে যায়। পরে এই দুই রুটে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।