বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগি এবং সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ইস্তাম্বুলে আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, অভিবাসন, সাইবার অপরাধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশজনিত চ্যালেঞ্জ কোনো একক দেশের পক্ষে মোকাবিলা সম্ভব নয়।
মন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ বিশ্বকে সংযুক্ত ও সেবা প্রদান সহজ করলেও বৈষম্য, বিভাজন এবং আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি তৈরি করেছে। সাইবার অপরাধ মোকাবিলার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকার সুরক্ষায় বাংলাদেশ ভারসাম্যপূর্ণ আইনি কাঠামো গড়ার উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। উন্নত দেশগুলোকে প্রকৃত অংশীদারত্বের ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, ফরেনসিক জ্ঞান এবং আইন ও বিচারসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১২ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং এ বোঝা দেশটি একা বহন করতে পারে না। তাঁদের মর্যাদা, নাগরিকত্ব ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান তিনি। ৮ ও ৯ অক্টোবরের এই সম্মেলনে ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।