কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের পুলিশের এক সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক উদ্ধারের কাজে ওই দুই সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন। নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।
কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও বিএসএফ আটক করে। পুলিশ জানিয়েছে, আটক দুই সদস্যকে ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। ঘটনার বিষয়ে পুলিশ ব্রাহ্মণপাড়া থানার ওসির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে।