ঢাকায় এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ৬ এপ্রিলের ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যটি ছড়িয়ে পড়লে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘পুলিশের উপর জনগণের আস্থা নাই’ ধরনের মন্তব্য পুরো বাহিনীর পেশাগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করেছে এবং মাঠপর্যায়ের সদস্যদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে। সংগঠনটি জানায়, সড়ক নিরাপত্তা, টহল কার্যক্রম ও জরুরি আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রে রাস্তায় গাড়ি রাখতে হয়, যা বাস্তবতার অংশ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি। ২০২৪-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে জননিরাপত্তা জোরদারে কাজ করছে, তাই মনোবল ক্ষুণ্নকারী মন্তব্য নিরাপত্তা কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।