স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সচেতনতা বাড়াতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রক্তদানের কার্যক্রমকে সভা-সেমিনারে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রক্তদান একজন মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি একটি মহৎ মানবিক কাজ এবং পরকালের জন্য সদকায়ে জারিয়া। রক্তদানে কোনো শারীরিক ক্ষতি হয় না—এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে প্রচার চালিয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে ক্যারিয়ার অবস্থা নিশ্চিত করার কথাও বলেন তিনি। স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরির আহ্বান জানান। সন্ধানীর কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৮ সালে ছয় মেডিকেল শিক্ষার্থীর উদ্যোগে শুরু হওয়া সংগঠনটির রক্তদান কার্যক্রম এখন দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।