পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা, পানির প্রবাহ বাধাগ্রস্ত করা বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যেকোনো চেষ্টা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভারতকে এ বিষয়ে সতর্ক করে বলেন, পানিকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।
শাহবাজ শরিফ বলেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। তিনি দাবি করেন, এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্ত পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে।
২০২৫ সালে ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের প্রসঙ্গে তিনি পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মে মাসে হওয়া যুদ্ধবিরতিকেও স্বাগত জানান তিনি। কাশ্মীর প্রশ্নে জাতিসংঘের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ গণভোটের দাবি পুনর্ব্যক্ত করে শাহবাজ বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পাকিস্তান কাশ্মীরিদের কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে।