বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২৭ শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত করছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে ২৪ আগস্ট অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় নতুন অধ্যায়টি চূড়ান্ত অনুমোদন পায় বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তৎকালীন একটি ঐতিহাসিক ডায়েরির ছবিও বইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, সবার অবদান নিরপেক্ষ ও নির্মোহভাবে পাঠ্যবইয়ে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ। নিবন্ধের আগে থাকা ব্যাখ্যায় ১৯৭২ ও ১৯৮০ সালে প্রকাশিত দুটি লেখাকে মুক্তিযুদ্ধের অনন্য দলিল বলা হয়েছে এবং স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয় বলে উল্লেখ করা হয়েছে।
নিবন্ধে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামে সশস্ত্র বিদ্রোহ, ‘উই রিভোল্ট’ ঘোষণা, যুদ্ধের প্রস্তুতি ও সম্মুখসমরের বর্ণনা রয়েছে। এতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারের স্মৃতিচারণও আছে। বাসসকে দেওয়া বক্তব্যে শিক্ষাবিদেরা বলেন, অন্তর্ভুক্তিটি শিক্ষার্থীদের স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ দেবে।