সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার এবং মেধাকে সম্মান দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়; নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত।
তিনি ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগের দাবি জানান। একই ধরনের যেকোনো কুটতৎপরতা জনগণ সহ্য করবে না এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবার সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে।