আগামী ১৬ থেকে ১৮ জুলাই রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ‘বি-বিউটি টেক এক্সপো ২০২৬’। আয়োজক প্রতিষ্ঠান ডব্লিউইএম বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, দেশের বিউটি, কসমেটিকস, পার্সোনাল কেয়ার, ওয়েলনেস ও বিউটি টেকনোলজি খাতে বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে।
আয়োজকদের তথ্যমতে, বাংলাদেশসহ চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ও ব্র্যান্ড এতে অংশ নেবে। এবারের প্রদর্শনীতে ৬০টির বেশি এক্সিবিটর, ১২০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ড এবং প্রায় ৮ হাজার শিল্পসংশ্লিষ্ট দর্শনার্থী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন। আয়োজকরা একে আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারের আকার বর্তমানে ১০ থেকে ১২ বিলিয়ন মার্কিন ডলার এবং বার্ষিক প্রবৃদ্ধি ৬ থেকে ৯ শতাংশ হতে পারে। আয়োজকদের আশা, এই এক্সপো স্থানীয় উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাবে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে এবং আগামী এক দশকে ৫ থেকে ৮ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।