রাসায়নিক সারের দাবিতে ঝিনাইদহের শৈলকূপায় শনিবার সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। কৃষকদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে তারা সার সংগ্রহের জন্য গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার মেসার্স শুভ এন্টারপ্রাইজে যান, কিন্তু ডিলারের লোকজন সার দিতে অস্বীকৃতি জানান।
এতে ক্ষুব্ধ কৃষকরা তাৎক্ষণিকভাবে গাড়াগঞ্জ-শৈলকূপা সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়কটি পুরোপুরি বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয় এবং গন্তব্যমুখী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস দেন। পরে কৃষকরা সার পেয়ে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপে সৃষ্ট পরিস্থিতির সমাধান হয়েছে।