তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে। শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও সাংবাদিকরা এখনো প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়েছেন। প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন উপেক্ষিত ছিল উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে ভোগেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়ন করছে এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তিনি নেগাবানের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এক লাখ টাকার চেক তুলে দেন।