আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশনস সামি–উল–হাসান বার্নি টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান অস্থিরতার জন্য ভারতকে দায়ী করেছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রকাশ্য পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। বার্নির মতে, বিষয়টি যদি গোপনে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে সমাধান করা হতো, তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের টুর্নামেন্ট বর্জনের মতো পরিস্থিতি তৈরি হতো না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক মিডিয়া ডিরেক্টর বার্নি বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসির অবস্থান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে হতাশ করেছে। নাকভি এটিকে ‘গোলপোস্ট সরিয়ে নেওয়া’ নীতি হিসেবে দেখছেন। বার্নি আশঙ্কা প্রকাশ করেন, চলমান অস্থিরতার কারণে পাকিস্তান শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারে, যার মধ্যে জরিমানা ও সম্প্রচার রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে। তিনি জানান, একটি ম্যাচ না খেললে ক্ষতি হতে পারে প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে পাকিস্তানের বার্ষিক রাজস্ব ৩৫.৫ মিলিয়ন ডলার।
বার্নির মতে, মোস্তাফিজ ইস্যুতে ভারতের প্রকাশ্য পদক্ষেপ ও দ্বিমুখী নীতিই বর্তমান অস্থিরতার মূল কারণ, এবং এখন ক্রিকেটবিশ্বের দৃষ্টি আইসিসির পরবর্তী পদক্ষেপের দিকে।