ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখ লাখ মানুষ তেহরানে সমবেত হয়েছেন। বিপুল সংখ্যক অতিথির জন্য ইরান জুড়ে ব্যাপক খাদ্য ও পানীয় সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তেহরানের বিভিন্ন সড়ক ও অনুষ্ঠানস্থলের আশপাশে অসংখ্য স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান বিনামূল্যে খাবার, পানীয় ও প্রয়োজনীয় সেবা বিতরণ করছে।
বিভিন্ন স্থানে অস্থায়ী সেবাকেন্দ্র স্থাপন করে ঠান্ডা পানি, চা, জুস, রুটি, ভাত ও মাংসসহ নানা খাবার সরবরাহ করা হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ ও সাধারণ মানুষও ব্যক্তিগত মানত হিসেবে খাবার পরিবেশন করছেন। স্বেচ্ছাসেবীরা জানান, দীর্ঘ শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের কষ্ট কমাতে সার্বক্ষণিক খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, বিশ্রাম ও পথনির্দেশনার ব্যবস্থাও রাখা হয়েছে।
কয়েকদিনব্যাপী এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।