নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে শনিবার সৌদি আরবের উদ্দেশে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সফরকালে তিনি সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিভিন্ন সহযোগিতার বিষয়ও আলোচনায় থাকবে।
সৌদি আরবে অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি। আইএসপিআর জানিয়েছে, এই সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।